একটা কাজ বাকি আছে
প্রত্যেক খুনের পিছনে মোটিভ থাকে । যতই পেশাদার হোক হত্যার পর যাবার সময় কিছু না কিছু ক্লু ফেলে যায়। সেইসব ফেলে যাওয়া জিনিসের মধ্যে থাকে খুনির ছোঁয়া, শরীরের গন্ধ, আঙুলের ছাপ – কিছু উত্তরাধিকার, খুনের পর খুনি আবার ফিরে আসে খুনের জায়গায়। কাল হোক, পরশু হোক, আসবেই। গত চৈত্রের দুপুরে আমাকে খুনের পর খুনি তার সব প্রমান নিয়ে চলে গেছে। এমনকি তার দেওয়া উপহার, চিঠিপত্র, কিছু স্মৃতি অন্তরঙ্গ পহেলগাঁও, - সাগরের ঝাঊছায়া ধুয়েমুছে নিয়ে গেছে । ফলে কোনো স্নিফার ডগ, ফরেন্সিক বিশেষজ্ঞ সূত্র খুঁজে পায়নি। খুনিও ধরা পরেনি । যে জানে খুনি কে, পালিয়ে কোথায় গেছে, তার চেহারার নিখুঁত ছবিও পারে এঁকে দিতে, সে আমি । খুনের মোটিভ, দোষী প্রমানের জন্য যা খুব জরুরী, তা জানে শুধু একজন। আমি। বর্তমানে মৃত। সারাজীবন বুকের মধ্যে রক্তক্ষরন। এতবার খুন হয়েছি যে একফোঁটা রক্তও এখন বাইরে কোথাও পড়ে না। অনেকেই চেয়েছিন অন্ত্যেষ্টি করতে। পরে স্মরণসভা। রাজি হইনি। একটা কাজ বাকি থেকে গেছে। তাই সেই খুনের জায়গায় নিজের মৃতদেহ আগলে বসে আছি। একটু পরেই পচন ধরবে, মাছি, কুকুর আসবে। দুর্গন্ধ ছড়াবে – খুব কাছের মানুষেরা মৃত্যুর পর আর কাছের থাকে না, নাকে কাপড় চাপা দিয়ে দূর থেকে আমার একগুঁয়েমির জন্য খিস্তি দেবে। তখন আমি আরো কয়েকবার খুন হব, কিন্তু মৃত্যুর পর মৃতের কোনো বোধ থাকে না, আমারো নেই। কে কি মন্তব্য করল, জীবিত অবস্থায় সে কতটা আপন ছিল সে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাবার সময় এখন নয়। একটা কাজ বাকি থেকে গেছে। অনন্তকাল আমি আমার পচাগলা, প্রিয় মানুষদের মন থেকে মুছে যাওয়া মৃতদেহ নিয়ে আপেক্ষায় থাকব। কারণ একদিন না একদিন হত্যাকারী ফিরে আসবেই। তখনি বাকি কাজ শেষ করব, চিরকুট লিখে। তোমায় এখনও ভালবাসি।
No comments:
Post a Comment