বৃক্ষের দাম্পত্য
নীলু হাড়ি বকুলগাছ
ডেবোখালির শ্মশানের পাশেই
বকুলগাছ
একটু দূরেই নীলু হাড়ির বাড়ি
সন্ধ্যা নামলে
বকুলগাছের তলায় হ্যারিকেনের আলোয়
রামায়ান পড়ছে সে
তন্দ্রামগ্ন বকুলগাছ ডুবে যাচ্ছে
তার সঙ্গে আরো চার পাঁচজন প্রতিবেশী
ডুবে যাচ্ছে অন্ধকার
আলো জ্বেলে বহুদূর থেকে
কারোর আসার দৃশ্য জ্বলছে নিবছে
ক্লান্ত একজনকে আজো নিয়ে চলে মগ্নতার কাছে
নক্ষত্র-জ্বলা আকাশে স্বপ্ন ওড়ে কত শত
আমি কতদিন স্বপ্ন দেখেছি
অথচ স্বপ্নে নীলু হাড়ি নেই
বকুলগাছ নেই
আলো জ্বেলে বহুদূর থেকে তার হেঁটে আসা নেই
শুধু ডেবোখালির শ্মশান আগুন জ্বেলে বসে আছে
No comments:
Post a Comment